নিজস্ব প্রতিবেদক
কুমিল্লায় রোহিঙ্গা যুবককে জন্ম নিবন্ধন করে দেয়ার অভিযোগে এক ইউনিয়ন পরিষদের সচিবকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২০জুন) সন্ধ্যায় জেলার মুরাদনগর-কোম্পানীগঞ্জ সড়কের নিমাইকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে তাকে আদালতে মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাদ (ওসি) রাজেশ বড়ুয়া।
আটক ইউপি সচিবের নাম ইসমাইল হোসেন। তিনি আদর্শ উপজেলার গুনানন্দি গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। ইউপি সচিবের পদে কর্মরত ছিলেন মুরাদনগর সদর ইউনিয়ন পরিষদে।
জানা গেছে, চলতি বছরের ১৫ই ফেব্রুয়ারি কুমিল্লা আঞ্চলিক অফিসে পাসপোর্ট অফিসে মুরাদনগর উপজেলার সদর ইউনিয়নের ঘোড়াশাল গ্রামের ভুয়া পরিচয়ে জন্ম নিবন্ধন বানিয়ে পাসর্পোট করতে এসে ইয়াছিন (১৯) নামের এক রোহিঙ্গা যুবক আটক হয়। পরে পাসর্পোট অফিসের কর্মকর্তারা রোহিঙ্গা যুবককে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করেছে। এই ঘটনায় ওই সময় কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করে গোয়েন্দা পুলিশ। বিষয়টির তদন্তে ইউপি সচিব ইসমাইল হোসেনসহ বেশ কয়েকজনের সম্পৃক্ত থাকার তথ্য পায় পায় ডিবি।
মুরাদনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান কাজী তুফরীজ এটন জানান, আমি সচিবকে সর্বোচ্চ সুবিধা দিয়েছি। তারপর তাকে কেন এসব করতে হবে। যারা টাকার বিনিময়ে এসব করেছে তারা শাস্তি পাবে।
কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ বড়ুয়া জানান, রোহিঙ্গা যুবককে জন্ম নিবন্ধন দেয়ার মামলায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ইউপি সচিব ইসমাইলকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতে মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।