নিজস্ব প্রতিবেদক
কুমিল্লায় পিকআপে লুকিয়ে গাঁজা পাচারকালে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা হতে চট্টগ্রামগামী একটি পিকআপে করে গাঁজা পরিবহনকালে অভিযান চালিয়ে দুইজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় পিকআপ তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মথুরাপুর (মিস্ত্রীবাড়ি) গ্রামের মৃত আলী আকবরের ছেলে মোঃ নজরুল ইসলাম (৩০) ও পটুয়াখালী জেলার বাউফল উপজেলার অলিপুরা গ্রামের মোঃ হান্নান মৃধার ছেলে মোঃ ফজলে রাব্বী (২২)।
কুমিল্লার র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, গাঁজাসহ গ্রেফতার দুই আসামী দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এক্ষেত্রে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়।
আসামীদের বিরুদ্ধেকুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় মামলা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।