নিজস্ব প্রতিবেদক
পেটের ব্যথায় হুজুরের কাছ থেকে পানি পড়া আনতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক কলেজ ছাত্রী। এ ঘটনায় অভিযুক্ত মাদরাসা হুজুর মো. শাহপরানকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি শাহপরান চান্দিনা উপজেলার এতবারপুর গ্রামের মো. সুন্দর আলীর ছেলে। গত (১৭ ফেব্রুয়ারি) ধর্ষণের ঘটনাটি ঘটেছে কুমিল্লার চান্দিনায়।
পরে ধর্ষণের অভিযোগে পরদিন বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে চান্দিনা থানায় ওই কলেজছাত্রী মামলা করেন।
জানা যায়, দীর্ঘদিন পেটের পীড়ায় ভোগার কারণে চাচাতো ভাইয়ের পরামর্শে গত ১৪ ফেব্রুয়ারি চান্দিনার হারং উত্তরপাড়া আল কারিম মাদরাসার হুজুর শাহপরানের কাছে ঝাড়-ফুঁক করার জন্য যায় ওই কলেজছাত্রী। হুজুর প্রথম দিন পানিতে ফু দিয়ে আরও কয়েকদিন আসার জন্য বলেন।
হুজুরের কথামতো বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে মাদরাসায় যাওয়ার পর হুজুর ‘জ্বিনের চালান’ দেয়ার কথা বলে তার অফিস কক্ষে নিয়ে মেয়েটিকে ধর্ষণ করেন।
চান্দিনা থানার ওসি শাসমউদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। মাদরাসার হুজুরকে আটক করে শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।