নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা নগরীতে ক্রিকেট খেলায় দ্বন্দ্বে মোহাম্মদ আমিন (১৫) নামে এক কিশোরের বুকে ও পিঠে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। নিহত কিশোর কুমিল্লা মুরাদনগর উপজেলার পালাসুতা গ্রামের প্রবাসী নোয়াব মিয়ার ছেলে। তার পরিবার কুমিল্লা নগরীর ঠাকুরগাপাড়া এলাকার পুরাতন কাস্টমস গোডাউনের সামনে নারী কাউন্সিলর উম্ম কুলসুমের গলির ভেতর একটি বাড়িতে ভাড়া থাকেন।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় কুমিল্লা নগরীর শেখ ফজিলাতুন্নেছা মডার্ন হাই স্কুলের পিছনে বিসিক এলাকার ভেতর এমপির মাঠে কিশোর মোহাম্মদ আমিনকে ছুরিকাঘাত করে মো. পারভেজ (২২) নামে এক অন্য এক কিশোর। পারভেজ কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া বেসরকারি পলিটেকরিকেল ইনস্টিটিউট সংলগ্ন বাসিন্দা মো. শাহ আলমের ছেলে। ঘাতক পারভেজ কুমিল্লায় ফুডপান্ডায় ডেলিভারি ম্যান হিসেবে কাজ করে।
নিহত কিশোরের কাকা মোহাম্মদ হাবিব জানান, কিশোর মোহাম্মদ আমিন প্রিন্টিং এর কাজ করতেন। শুক্রবার কাজ না থাকায় বন্ধুদের সাথে বিসিক এলাকায় এমপির মাঠে ক্রিকেট খেলতে যায়। এরপর সকাল সাড়ে ১০টার দিকে খবর আসে আমিনকে ছুরিকাঘাত করা হয়েছে। উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসাতালে নেওয়ার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থার অবনতি দেখে ঢাকায় পাঠিয়ে দেয়। পরে এম্বুলেন্সে করে ঢাকায় নেয়ার পথে কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় না যেতেই আমিন এম্বুলেন্সে মারা যায়। পরবর্তীতে আমরা তার মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে আসি।
তিনি জানান, আমার ভাতিজাকে ঘাতক পারভেজ তার বুকে ও পিঠে ছুরিকাঘাত করে নির্মমভাবে হত্যা করেছে। তার বাবা প্রবাসে। বাড়িতে মা আছে। পরিবারের শোকের মাতব চলছে। আমরা আমিনের হত্যার বিচার চাই। দ্রুত ঘাতকে গ্রেফতার করা হোক।
কোতয়ালী মডেল থানার এস আই সাধন কান্তি চৌধুরী জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। আমরা সুরুতহাল সংগ্রহ করেছি। ময়নাতদন্ত করা হবে। তার শরীরে দুই স্থানে ছুরিকাঘাত করা হয়েছে।