নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে কুমিল্লা মহানগরীতে নেতাকর্মীদের আনন্দ শোভাযাত্রা জনস্রোতে রূপ নিয়েছে। ২৩ জুন রবিবার সকালে নগরীতে বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রার আয়োজন করেছে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ। বিপুল জনসমাগনের ফলে আনন্দ শোভাযাত্রাটি জনস্রোতে রুপ নেয়। বেলা সাড়ে ১০ টায় কুমিল্লা টাউন হল মাঠ থেকে শুরু হয়ে আনন্দ শোভাযাত্রাটি রাজাগঞ্জ, মোগলটুলি হয়ে নগর উদ্যানের সামনে গিয়ে শেষ হয়।
ঐতিহাসিক এ রাজনৈতিক দলের প্লাটিনাম জয়ন্তীর বিশাল আনন্দ শোভাযাত্রার নেতৃত্ব দেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিকুল্লাহ খোকন সহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আনন্দ শোভাযাত্রা শেষে প্লাটিনাম জয়ন্তীর প্রতিক্রিয়া জানিয়ে মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি বলেন, স্বাধীনতার সংগ্রাম, মুক্তি- সব অর্জনের কেন্দ্রবিন্দু ছিলেন আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার হাতেই বাংলাদেশের স্বাধীনতা। এরপর একাত্তরের ৭ মার্চ যা বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আওয়ামী লীগের হাত ধরে আমাদের স্বাধীনতা এসেছে এটাই আমাদের বড় অর্জন।
এর আগে সকাল ১০ টায় নগরীর রামঘাটলাস্থ দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন করে কর্মসূচির উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি সহ দলীয় নেতৃবৃন্দ। এসময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
এদিকে দিনব্যাপী কর্মসূচির বিকেল ৫ টায় নগরীর শিল্পকলা একাডেমিতে আলোক চিত্র প্রদর্শনী, আলোচনা সভা, দলের প্রবীণ নেতৃবৃন্দের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । অনুষ্ঠানে ১০ জন প্রবীণ নেতৃবৃন্দকে সংবর্ধনা জানানো হয়।
শোভাযাত্রায় এসময় আরও উপস্থিত ছিলেন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিটি করপোরেশনের মেয়র ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. তাহসিন বাহার সূচনা, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পিপি এড জহিরুল ইসলাম সেলিম ছাড়াও দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে, দিবসটি ঘিরে কুমিল্লা দক্ষিণ ও উত্তর জেলা আওয়ামী লীগ, ১৭ উপজেলা আওয়ামী লীগ এবং কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমার নেতৃত্বে বিভিন্ন কর্মসূচি পালন করে।