
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লায় সন্ত্রাসী হামলায় সাইফুল ইসলাম নামে এক আওয়ামী লীগ নেতা আহত হয়েছেন। জেলার দেবিদ্বার উপজেলা সদরে এ ঘটনা ঘটে। সোমবার বিকালে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে তাকে আশংকাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
আহত সাইফুল ইসলামের মা ফাতেমা বেগম ও তার স্বজনরা জানান, সাইফুল ইসলাম রবিবার দেবিদ্বার উপজেলা সদরে অবস্থিত পূবালী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাসায় ফিরছিল। এসময় সাদ্দাম হোসেনের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল তার উপর সন্ত্রাসী হামলা চালায় এবং একপর্যায়ে ব্যাংকের সামনে থেকে পার্শ্ববর্তী একটি গলিতে নিয়ে ব্যাংক থেকে তোলা টাকা ছিনিয়ে নেয়। এসময় গুরুতর আহত সাইফুল ইসলামকে অচেতন অবস্থায় উপজেলা শ্রমিকলীগ নেতা কাউছার আহমেদসহ স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সোমবার অবস্থার অবনতি ঘটলে বিকালে তাকে ঢাকায় প্রেরণ করা হয়। আহত সাইফুল ইসলাম দেবিদ্বার উপজেলার পদ্মকোট গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত সাদ্দামের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়েছে।
দেবিদ্বার থানার ওসি জহিরুল আনোয়ার জানান, অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেয়া হবে।