
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার মানুষ পরিবর্তন চায়। লুটেরাদের আর দেখতে চায় না। রাজাকারপুত্র মুক্ত কুমিল্লা সিটি কর্পোরেশন চায় এখানকার মানুষ। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। লুটেরা ও রাজাকারপুত্র মুক্ত কুমিল্লা গড়তে কাজ করতে হবে। তাহলে আগামী নির্বাচনে কুমিল্লা সিটি কর্পোরেশন রাজাকারের হাত থেকে মুক্তি পাবে।
শনিবার কুমিল্লার বর্ষীয়ান রাজনীতিবিদ প্রয়াত আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আফজল খান ফাউন্ডেশনের ইফতার মাহফিলে বক্তব্যে ছেলে এফবিসিসিআইয়ের পরিচালক ও আওয়ামী লীগ নেতা মাসুদ পারভেজ খান ইমরান এসব কথা বলেন।
প্রায় ১০ হাজার মানুষের জন্য আয়োজিত এই ইফতার পার্টিতে কুমিল্লা মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছাড়াও আফজল খান পরিবারের আহবানে সাড়া দিয়ে অংশ নিয়েছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এতে আয়োজনস্থল কানায় কানায় পূর্ণ হয়ে উঠে।
শনিবার কুমিল্লা নগরীর মডার্ণ কমিউনিটি সেন্টারে এই ইফতার মাহফিলের আয়োজন করেন অধ্যক্ষ আফজাল খান পরিবার।
ইফতার মাহফিলে উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ আফজাল খানের কণ্যা নারী সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আঞ্জুম সুলতানা সীমা, ছেলে এফবিসিসিআইয়ের পরিচালক মাসুদ পারভেজ খান ইমরান, কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্রশাসক আলহাজ্ব মো: ওমর ফারুক, কুমিল্লার প্রভাবশালী আওয়ামী লীগ নেতা সফিকুল ইসলাম শিকদার, জেলা শ্রমিক লীগের সভাপতি মনির হোসেন ঝান্টু, সাবেক জিএস জাকির হোসেন, সাবেক ভিপি নুর উর রহমান মাহমুদ তানিম, কুমিল্লা দোকান মালিক সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব শাহ মো: আলমগীর খান, শিক্ষাবিদ অধ্যক্ষ সফিকুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এড. আনিসুর রহমান মিঠু, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম হৃদয়, আইনজীবী এডভোকেট গোলাম ফারুক, আইনজীবী মাসুদ সালাউদ্দিন, জেলা আওয়ামী লীগ নেতা পার্থ সারথী দত্ত, আলী আকবর, রুপম মজুমদার প্রমুখ।