ঢাকা | | বঙ্গাব্দ

চান্দিনায় দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৪

author
Reporter

প্রকাশিত : Feb 7, 2026 ইং 121 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728
নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার চান্দিনা পৌরসভার নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে একজনকে কুপিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার ভোট শুরুর পর সকাল সাড়ে ৯ টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হারং সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের পাশে এ সংঘর্ষ হয়।

স্থানীয় সূত্র জানায়, ভোটারদের কেন্দ্রে যাওয়াকে কেন্দ্র করে ওই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী পাঞ্জাবি প্রতীকের বিল্লাল হোসেনের সমর্থকদের সঙ্গে উট পাখি প্রতীকের কাউন্সিলর প্রার্থী নাজমুল হাসানের সমর্থকদের এই সংঘর্ষ হয়। এতে অন্তত ৪ জন আহত হন।

বিল্লাল হোসেনের ভাই ইব্রাহিম খলিলের  অভিযোগ, উট পাখি প্রতীকের কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা তাদের উপর হামলা চালায়। এ সময় মহসিন নামে তাদের এক সমর্থককে কুপিয়ে গুরুত্বর আহত করা হয়।

তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশংকাজনক দেখে মহসিনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

তবে এই অভিযোগ প্রসঙ্গে জানতে কাউন্সিলর প্রার্থী নাজমুল হাসানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

চান্দিনা থানার ওসি শামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, ভোট কেন্দ্রে যাওয়াকে কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ঝামেলা হয়েছে বলে শুনেছি। তবে আহতের বিষয়টি জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। আর কেন্দ্রে সুষ্ঠু ভোট হচ্ছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS