নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে যানবাহন চালক ও শ্রমিকদের নিয়ে র্যালী ও আলোচনা সভা করেছে হাইওয়ে পুলিশ। দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে কুমিল্লা পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় এই র্যালী ও আলোচনা সভার আয়োজন করে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিউনের লালমাই ক্রসিং হাইওয়ে ফাঁড়ি।
‘মুজিব বর্ষের শপথ, সড়ক করবো নিরাপদ’ প্রতিপাদ্যকে সামনে দিবসটি উদযাপিত হয়। সকালে শ্রমিকদের নিয়ে একটি র্যালির আয়োজন করা হয়। পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশ কুমিল্লা লালমাই ক্রসিং হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ জিয়াউল হক চৌধুরী, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও হাইওয়ে পুলিশের সদস্যরাসহ বিভিন্ন পরিবহনের শ্রমিক নেতৃবৃন্দ।
আলোচনায় সাধারন মানুষ ও পরিবহন চালক ও শ্রমিকদের উদ্দেশ্যে বক্তরা বলেন, রাস্তা পারাপারে ফুটওভার ব্রিজ ব্যবহার করুন। নিষিদ্ধ ও ঝুঁকিপূর্ণ যানবাহনে যাত্রী হরেন না, এতে আপনার জীবন বিপন্নের ঝুঁকি রয়েছে। যত্রতত্র গাড়ি থামানো ও পার্কিং করবেন না। উল্টো পথে গাড়ি চালানো এভং অযথা হর্ন বাজাবেন না। ঝুঁকি নিয়ে গাড়ি ওভারটেক করবেন না। চোখে ঘুম নিয়ে গাড়ি চালাবেন না। বিপজ্জনকভাবে মালামাল বোঝাই করে গাড়ি চালাবেন না। গাড়ি চালনারত অবস্থায় মোবাইল ফোন ব্যবহার করবেন না।