নিজস্ব প্রতিবেদক
কুমিল্লায় বিয়ে বাড়িতে গান-বাজনা বাজানো দ্বন্দ্বে দুই পক্ষের সংঘর্ষে সাইফুল (২০) ও ফাহিম (১৯) নামে দুই তরুণ খুন হয়েছে। এই সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। গুরুত্বর আহত ৫ জনকে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার দিবাগত রাত পৌনে ১টায় জেলার দেবিদ্বার উপজেলার আব্দুল্লাহপুর ইনসাফ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
নিহত দুই তরুণ হলেন, দেবিদ্বার উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের হাবিবের ছেলে মো. সাইফুল (২০) ও একই এলাকার রেনু মিয়ার ছেলে মো. ফাহিম (১৯)।
পুলিশ জানায়, আব্দুল্লাহপুর গ্রামে বিয়ে বাড়িতে গান বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় ঘটনাস্থলে একজন এবং দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আরও একজন মারা যায়। খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ থানায় নিয়ে আসে। এদিকে গুরুত্বর আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীদের দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
দেবিদ্বার থানার ওসি মো. আরিফুর রহমান জানান, নিহত দুই তরুণের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হবে। ঘটনার সাথে জড়িতদের প্রেফতারে অভিযান অব্যাহত আছে।